ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫ (শনিবার) — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, গণভোট নিয়ে প্রচারণা এখনো শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিইসি নাসির উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি আরও ভালো হবে।” তিনি আরও জানান, জনগণকে ভোট প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে মক ভোটিং আয়োজন করা হয়েছে।
গত ১৫ বছরে ভোট দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত জনগণকে প্রক্রিয়া দেখাতে এবং দুই ব্যালটে সময় নির্ধারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সিইসি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।



মন্তব্য করুন