ঢাকা, শনিবার (২৯ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫)। তিনি হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগ করছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারাগার থেকে ঢামেকে পাঠানো হয়। বিকেল চারটায় ভর্তি হওয়ার পর রাতেই তাঁর মৃত্যু হয়। তানভীর দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ‘‘চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।’’
২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাঁর মৃত্যুতে আলোচিত হলমার্ক কেলেঙ্কারি আবারও জনমনে আলোচনায় এসেছে।



মন্তব্য করুন