বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
চিঠিতে শাহবাজ শরীফ লিখেছেন, “আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।”
তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়নযোগ্য। শাহবাজ শরীফ বলেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, যাতে আপনি আপনার দল ও জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন।”
চিঠির শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানান। বিএনপি সূত্রে জানা গেছে, এ বার্তা দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।



মন্তব্য করুন