ঢাকার আদালত এলাকায় সোমবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সিদ্দিক ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে।

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার রায় বেলা ১১টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন ঘোষণা করবেন।

সকালে মহানগর দায়রা জজ আদালতে প্রবেশপথে অতিরিক্ত তল্লাশিচৌকি বসানো হয়। আদালত চত্বরে পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সূত্রাপুর ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের সঙ্গে র‍্যাবের টহল টিমও মোতায়েন রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান জানান, নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ ও দুই প্লাটুন বিজিবি দায়িত্বে রয়েছে। তিনি বলেন, রায়কে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানো হয়েছে, তবে এখনো কোনো শঙ্কা নেই।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মামলার একমাত্র কারাবন্দী আসামি—রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। গত ২৫ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আজকের তারিখ ধার্য করেছিলেন।

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক ছাড়াও মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজউকের সাবেক পরিচালক ও সদস্যরা, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রায় ঘোষণার সময় ঘনিয়ে আসায় আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।