আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সংস্কারের অগ্রযাত্রা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে বিরোধিতা করছে। ফলে সংস্কার নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ ও ধর্মকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে—একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ইসলাম বনাম ইসলাম বিরোধী ইস্যুতে রাজনীতি করছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের লড়াইয়ে তার ভূমিকা জাতি মনে রাখবে। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়া আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন।
আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে সংহতি জানানোর কারণে অনেক প্রবাসী গ্রেপ্তার হয়েছিলেন। মুক্তির পর তাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। এ সময় একজন বন্দির মৃত্যুর কথা উল্লেখ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম বনাম এন্টি ইসলাম’ গেম চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত কেউ এনসিপি থেকে মনোনয়ন পাবে না। একইসঙ্গে প্রবাসী বন্দিদের দেশে ফেরানোর উদ্যোগকে ‘জাতীয় উদ্যাপন’ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, আমিরাত থেকে দেশে ফেরা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে এনসিপি। তিনি অভিযোগ করেন, বন্দিদের পরিবারের সঙ্গে সরকার অসহযোগিতা করেছে এবং আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।



মন্তব্য করুন