ঢাকা, ২ ডিসেম্বর | অন্তর্বর্তী সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে। তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে স্থানান্তর ও উচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয় এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়। সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের নির্দেশ সংশ্লিষ্ট সব সংস্থাকে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার পরিবার ও দলকে বিষয়টি জানানো হয়েছে বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনে কিছুটা অবনতি হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার জানান, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তবে পরিস্থিতি এখনো সংকটময়। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিসে ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী। গত ২১ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াসহ একাধিক জটিলতা ধরা পড়ে।
ডা. জাহিদ হোসেন দেশবাসীকে গুজবে কান না দেওয়ার এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ রাখছেন এবং সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করছে।



মন্তব্য করুন