ঢাকা, ২ ডিসেম্বর | বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)।
মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসএসএফের সাত সদস্যের একটি দল আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে। এ সময় পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন। হাসপাতাল ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পিজিআর সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। এসএসএফ ও পিজিআরের জ্যেষ্ঠ কর্মকর্তারা চতুর্থ তলায় খালেদা জিয়ার কেবিনের নিকটবর্তী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে এ ব্যবস্থা কার্যকর হয়েছে।
এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে তার নিরাপত্তা, যাতায়াত ও প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের তাৎক্ষণিক বাস্তবায়ন হিসেবে এসএসএফ-পিজিআর মোতায়েন করা হয়।
মোতায়েনকৃত নিরাপত্তাকর্মীর সঠিক সংখ্যা বা বিস্তারিত পরিকল্পনা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।



মন্তব্য করুন