ঢাকা, ২ ডিসেম্বর | বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দায়িত্বশীল ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন আহমেদ পাটওয়ারী বিএনপিকে পরিবারতন্ত্রের ছায়া ছেড়ে সংস্কারের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ফেসবুকে দীর্ঘ পোস্টে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট কোনো ব্যক্তি বা দলের নয়, এটি গভীর রাষ্ট্রীয় সংকট। মুজিববাদ ও মওদূদীবাদের দ্বৈত আধিপত্যবাদের প্রক্সি রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হবে।
তিনি লেখেন, বিএনপি দীর্ঘদিন পরিবারতন্ত্রের দুর্বলতায় জর্জরিত। জনগণের কাছে ঐতিহাসিক আবেদন হারিয়ে তারা প্রতিষ্ঠানের ছায়ায় আশ্রয় নিয়েছে। নতুন প্রজন্ম যদি পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে বেরিয়ে আসে, তবেই গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারা আবার শক্তিশালী হতে পারে।
২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর প্রক্সি রাজনীতির দাসত্ব থেকে মুক্তির লক্ষ্য নিয়ে এনসিপি যাত্রা শুরু করলেও কিছু শক্তি পুরোনো ঘূর্ণিপাকে দেশকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন। তিনি দেশপ্রেমিক শক্তির সামনে দুটি যুদ্ধের কথা উল্লেখ করেন: কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম এবং নতুন আধুনিক রাষ্ট্র গঠন।
এই দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-এনসিপির মধ্যে ঐক্য হলে তা সম্ভব। তবে ঐক্যের শর্ত: বিএনপিকে পরিবারতন্ত্র ছেড়ে সংস্কার করতে হবে এবং যারা ভারতের প্রভাব-রাজনীতির দিকে ঝুঁকে আছে তাদের বাংলাদেশি জাতীয়তাবাদের মূলধারায় ফিরতে হবে।
এনসিপি চারটি বিষয়ে কোনো আপোষ করবে না জানিয়ে তিনি বলেন: বাংলাদেশের পুনর্গঠন, সার্বভৌম মর্যাদা, ধর্মীয়-নৈতিক মূল্যবোধ এবং নাগরিক অধিকার ও স্বাধীনতা। ঐক্য আসুক বা না আসুক, এনসিপি জনগণের সঙ্গে নিয়ে এই আদর্শিক লড়াই চালিয়ে যাবে।



মন্তব্য করুন