ঢাকা, ২ ডিসেম্বর | আগামী ১০-১১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অবজারভেশন টিম। উত্তর ও পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১০-১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে।

মঙ্গলবার বিকেলে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গল অঞ্চলে রাতের তাপমাত্রা সবচেয়ে কম থাকবে। দেশের বাকি অংশে রাতের তাপমাত্রা ১৩-১৬° সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

তবে এই সময়ে তাপমাত্রা ১০° সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা কম। উত্তর-পশ্চিমাঞ্চলে দু-এক জায়গায় স্বল্প সময়ের জন্য ১০° সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে।

আবহাওয়া অবজারভেশন টিম জানায়, কিছুদিনের মধ্যেই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত পূর্বাভাস দেওয়া হবে।