বরিশাল, ২ ডিসেম্বর | নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে দেশের জনগণই সরকার উৎখাত করবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম। তিনি বলেন, যেভাবে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল, একই পরিণতি হবে।

মঙ্গলবার দুপুরে বরিশালের বেলস পার্ক মাঠে ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে তিনি ঘোষণা দেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি ও অর্থপাচারকারীদের আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না।

চরমোনাই পীর বলেন, “আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে রাজপথে নেমেছিলাম, চাঁদাবাজি-খুনাখুনি দেখতে নয়। যারা এখনো এসব করছে, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। হাসিনাও বলেছিলেন ‘শেখ হাসিনা পালায় না’, কিন্তু রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি। শিক্ষা নিন, নইলে একই পরিণতি হবে।”

তিনি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, অবিচার, খুনাখুনি ও অর্থপাচার বন্ধ হবে। আমরা একটি সুখী-সমৃদ্ধ ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ।”

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আট দল ঐক্যবদ্ধ হয়েছে কোরআনের আইন প্রতিষ্ঠা ও মদিনার ইসলাম কায়েম করতে। তিনি সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিলের দাবি জানান।

সমাবেশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। ৫ দফা দাবির মধ্যে ছিল জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড ও ২০২৪-এর গণহত্যার বিচার।