প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনসহ ১০ দফা দাবি জানিয়েছেন উপজেলা ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সিইসির দপ্তরের সামনে জড়ো হয়ে তারা এ দাবিনামা পেশ করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ চিঠি গ্রহণ করে কর্মকর্তাদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আমরা একটি ভালো নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। আপনাদের দাবিগুলো সিইসিকে জানানো হবে।’

সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে এ দাবি উত্থাপন করা হয়।

প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্বাচন কমিশন সার্ভিসের বিধিমালা প্রণয়ন ও গেজেট প্রকাশ, উপজেলা নির্বাচন কর্মকর্তার পদকে ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারীদের পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ, ডাবল-কেবিন পিকআপ ও মোটরসাইকেল সরবরাহ, পদোন্নতির হার বৃদ্ধি, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার পদে নিয়োগ, মাঠ পর্যায়ের দপ্তরের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ২০২৩ সালের এনআইডি আইন বাতিল।