সরকারি মাধ্যমিক শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে বুধবার থেকে সারা দেশে বার্ষিক পরীক্ষা নিয়মিত সূচি অনুযায়ী শুরু হবে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে এবং শিক্ষাজীবন স্বাভাবিক রাখতে তারা এ পদক্ষেপ নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে সহযোগিতার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছে।

গত সোমবার থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুরসহ বিভিন্ন অঞ্চলের সরকারি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল।

শিক্ষকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে বিসিএস ক্যাডারভুক্ত করা, শূন্য পদে দ্রুত নিয়োগ-পদোন্নতি, বকেয়া টাইমস্কেল-সিলেকশন গ্রেড মঞ্জুরি এবং ২০১৫ সালের আগের মতো অগ্রিম ইনক্রিমেন্টসহ বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল।