পার্বত্য চট্টগ্রাম চুক্তি কেবল একটি রাজনৈতিক সমঝোতা নয় বরং সংবিধানের আওতায় দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করে শান্তি, সহাবস্থান ও ন্যায়ের ভিত্তিতে গড়া মহৎ অঙ্গীকার বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি: সম্প্রীতিকে সমৃদ্ধিতে রূপান্তরিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘ সংঘাতের অবসানই চুক্তির মূল উদ্দেশ্য। জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, হস্তান্তরকৃত বিভাগসমূহের জন্য আইন-বিধি প্রণয়ন এবং সোশাল পুলিসিং বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রত্যন্ত অঞ্চলে ১ লাখ ৫ হাজার সোলার প্যানেল বিতরণের কথা উল্লেখ করে আরও বিতরণের প্রয়োজনীয়তার কথা বলেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক তিন জেলা পরিষদে দ্রুত সুষ্ঠু নির্বাচন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাস্টার প্ল্যান এবং বিতর্কের পরিবর্তে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

মূল প্রবন্ধে অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম চুক্তির পর থেকে বাজেটে ১৮০০ শতাংশ বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।