বরিশালে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে দেশবাসীকে ‘ইসলামের শাসন’ দেখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার বিকেলে নগরীর বেলস পার্ক ময়দানে ৫ দফা দাবি আদায়ের এ সমাবেশে তিনি বলেন, গত ৫৩ বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের শাসন দেখা হয়েছে। এবার ইসলামপন্থীদের সুযোগ দিলে চাঁদাবাজি, দুর্নীতি, খুনাখুনি ও অবিচার বন্ধ হবে। দেশ একটি সুখী-সমৃদ্ধ ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত হবে।
তিনি ক্ষমতালোভী, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হুঁশিয়ার করে বলেন, ‘যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের আর সুযোগ দেওয়া হবে না। পায়ের নিচের মাটি সরে গেছে।’
জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কুরআনের আইন চালু করতে চাই।’
ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলামী হুকুমত হলে সবাই একসাথে হাসবে-কাঁদবে, শান্তিতে বসবাস করবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, খেলাফত মজলিসের মাওলানা আব্দুল বাসির আজাদসহ জোটের শীর্ষ নেতারা।
বেলস পার্ক ময়দান ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়।



মন্তব্য করুন