বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় বুধবার (৩ ডিসেম্বর) রাতে চার সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

তারা যোগ দিচ্ছেন ইতোমধ্যে উপস্থিত যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলির সঙ্গে। বুধবার সকালেই ডা. বিলি ঢাকায় এসে পৌঁছান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক আল মামুন জানান, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নত মূল্যায়নের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।

হাসপাতালের মেডিকেল বোর্ডের পরামর্শে চীন ও যুক্তরাজ্য থেকে দুটি দলকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিদেশি বিশেষজ্ঞদের যোগদানে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এদিন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, শামীম এসকান্দার ও শর্মিলা রহমান।