বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত হয়েছেন। বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চীনের চার সদস্যের দল দীর্ঘক্ষণ তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের চিকিৎসকদের একটি দলও ইতোমধ্যে চিকিৎসা প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সর্বশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।
গত কয়েক সপ্তাহ ধরে লিভার, কিডনি ও হৃদরোগসহ একাধিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে বেগম জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর এভারকেয়ার হাসপাতাল এলাকায় এসএসএফ ও পিজিআর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হাসপাতালের নিকটস্থ দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়ন করবে। এ বিষয়ে যেকোনো অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্য করুন