২০১০ সালে যিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার মঞ্চে ‘মিস বিউটিফুল স্মাইল’ হয়ে হাসি ছড়িয়েছিলেন, সেই তানজিয়া আঞ্জুম সোহানিয়া বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যোগ দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে।

তার এ যোগদানে পুরো উপজেলায় দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা ও চাঞ্চল্য।

৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার হওয়া সোহানিয়া সর্বশেষ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে কর্মরত ছিলেন।

২০১০ সালে লাক্স প্রতিযোগিতায় তিনি সেরা সাতে স্থান করে নেন এবং ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল শিরোপা জিতে নেন। এরপর শোবিজে কিছুদিন কাজ করলেও পড়াশোনা ও চাকরির প্রস্তুতিকে প্রাধান্য দেন তিনি।

শৈশব থেকেই মেধার স্বাক্ষর রেখে চলেছেন সোহানিয়া। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেক এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি—দুটোতেই জিপিএ-৫। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

গান, একক অভিনয়, নৃত্য ও কাব স্কাউটে জাতীয় পর্যায়ে পুরস্কার জিতেছেন তিনি।

সরকারের সাম্প্রতিক বদলিতে নীলফামারী জেলার ছয় উপজেলার মধ্যে তিনটিতে নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জে দায়িত্ব পেয়েছেন সাবেক এই সুন্দরী।