গভীর রাত পর্যন্ত তাঁতের খটখট শব্দে যে তাঁতপল্লী একসময় মুখর থাকত, এখন সেখানে কেবলই নীরবতা আর পুরোনো দিনের রেশ। উৎসবের আগে যে কারিগরদের হাতে দম ফেলার সময় থাকত না, তাঁরা আজ আপন মনে হাতে কাপড় বুনে চলেন—কণ্ঠ থেকে সুর বেরোয়, কিন্তু চোখে ভবিষ্যতের শঙ্কা। এরই মাঝে এলো এক দারুণ খবর: জিআই স্বীকৃতির পর এবার ইউনেসকোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যের গর্ব টাঙ্গাইল শাড়ি।
এই আন্তর্জাতিক মনোনয়নে কারিগর ও তাঁতি পরিবারগুলোর মধ্যে নতুন আশা জাগালেও, শিল্পটি টিকিয়ে রাখা নিয়েই বাড়ছে গভীর দুশ্চিন্তা। পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা এবং বাজারের সহায়তা ছাড়া এই শিল্প ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাবে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।
শতবর্ষ পুরোনো এই ঐতিহ্যের ধারক টাঙ্গাইল শাড়ি। জামদানি সিল্ক, বালুচুরি কিংবা তোসরের মতো নান্দনিক নকশা এবং আরামের জন্য এটি বাংলাদেশের নারীদের কাছে প্রথম পছন্দ। কারিগররা এখানে কেবল কাপড় বোনেন না, নিজেদের মনের মাধুরি মিশিয়ে একেকটি শাড়িকে তৈরি করেন একেকটি শিল্পকর্ম হিসেবে। পুরুষের পাশাপাশি নারীরাও বুননের প্রতিটি ধাপে সহযোগিতা করেন। টাঙ্গাইল শাড়ি শুধু একটি সাংস্কৃতিক প্রতীক নয়, এটি শত শত তাঁতি পরিবারের জীবিকা নির্বাহেরও উৎস।
তাঁতপল্লীর কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, সস্তা ও আধুনিক পোশাকের পাশাপাশি মেশিনে তৈরি কাপড়ের সহজলভ্যতার কারণে হাতে বোনা শাড়ির চাহিদা দিন দিন কমছে। এই শিল্প যখন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে, তখন স্থানীয় অর্থনীতিতে এর বিপরীত চিত্র। স্থানীয়দের দাবি, ইতোমধ্যেই প্রায় ৮০ শতাংশ তাঁত বন্ধ হয়ে গেছে। বাকি মাত্র ২০ শতাংশ তাঁত ধুঁকে ধুঁকে চলছে, আর তাঁতিরা বাধ্য হয়ে পেশা বদল করছেন।
শাড়ির কারিগররা আক্ষেপ নিয়ে বলেন, “মেশিনের তৈরি কাপড়ের কারণে হাতে তৈরি কাপড়ের চাহিদা কমছে। চাহিদামতো কাজ না পাওয়ায় এবং ন্যায্য মজুরি না মেলায় আমরা এই পেশা বদল করতে বাধ্য হচ্ছি।”
পাথরাইলের শাড়ি ব্যবসায়ীরা মনে করেন, ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির মনোনয়নটি তাঁতিদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এই স্বীকৃতির মর্যাদা নিঃসন্দেহে টাঙ্গাইল শাড়িকে বিশ্ববাজারে নতুনভাবে তুলে ধরবে এবং রপ্তানির পথ প্রশস্ত করবে। তবে, এই সম্মান ধরে রাখতে ও শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। যথাযথ সহায়তা পেলে বিশ্বখ্যাত এই কারুশিল্পের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা সম্ভব হবে।



মন্তব্য করুন