গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলক্রমে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে দুই বেয়াইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। তাদের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া এবং পোড়াভিটা গ্রামের কমল মিয়া। সম্পর্কে তারা দুজন বেয়াই।

নিহতদের স্বজনরা জানান, রবিবার দুপুরে তারা দুজনই অসুস্থতাবোধ করায় বাড়িতে রাখা ইঁদুরনাশক ট্যাবলেটকে গ্যাসের ওষুধ ভেবে ভুল করে খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর তারা তীব্র অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। দ্রুত তাদের দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সেখানে নেওয়ার পথেই প্রাণ হারান কানকু মিয়া। এর কিছুক্ষণ পর গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কমল মিয়া।

দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা ছিল। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, “পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

সামান্য একটি ভুলের কারণে দুই স্বজনের এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও উৎকণ্ঠা। এই ঘটনা একই সঙ্গে বাড়িতে বিষাক্ত উপাদান সংরক্ষণের বিষয়ে চরম অসতর্কতার বিষয়টিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।