সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে গিয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন শাহ আজম নামে এক যুবক। রোববার (৭ ডিসেম্বর) গভীর রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় এই ঘটনা ঘটে। জন্মদিনের ব্যতিক্রমী কন্টেন্ট তৈরি করতে গিয়ে এ ভয়াবহতা সৃষ্টি হলেও এতে কেউ হতাহত হননি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জামাল হোছনের ছেলে শাহ আজম তার জন্মদিন উপলক্ষে একটি ঝুঁকিপূর্ণ আয়োজন করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজমের বন্ধু সেলিম মোটরসাইকেলে পেট্রোল ঢালছেন এবং আজম নিজে মশাল হাতে দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং দাউদাউ করে জ্বলতে থাকে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান। পরে আশপাশে থাকা যুবকেরা পানি ও বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। মোটরসাইকেলটিতে আগুন লাগার আগে পাশের একটি ব্যাডমিন্টন কোর্টে আগুন দিয়ে ’30 Years’ শব্দটি সাজানো হয়েছিল।

ঘটনাস্থলে উপস্থিত থাকা কন্টেন্ট নির্মাতা লোকমান বলেন, কন্টেন্ট নির্মাতাদের ভিডিওর অন্ধ অনুকরণে অনেকেই এখন ঝুঁকিপূর্ণ কাজ করছেন। এমন ভিডিও বানাতে গিয়ে শাহ আজম, বেলাল বা সেলিমের জীবনহানিও ঘটতে পারত।

ঘটনার পর ভিডিওবার্তায় শাহ আজম দাবি করেন, “ভুলবশত আগুন ধরে গেছে। এমন ঝুঁকিপূর্ণ ট্রেন্ড অনুসরণ না করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।”

এদিকে, এই ঘটনার পেছনের প্রেক্ষাপট ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। স্থানীয়ভাবে আলোচনা চলছে যে, শাহ আজম হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন মানবিক সহায়তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকাশ করছেন।

তবে অনুসন্ধানে জানা যায়, শাহ আজমের অতীত বিতর্কিত। ২০১৯ সালে টেকনাফে আত্মসমর্পণ করা ১০২ জন আত্মস্বীকৃত মাদক কারবারির মধ্যে তিনি অন্যতম ছিলেন। দুই বছর কারাবাসের পর মুক্তি পেলেও ২০২১ সালের মে মাসে তিনি এক লাখ ইয়াবাসহ পুনরায় গ্রেপ্তার হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, মাদকসহ নানা অপরাধে তার নামে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, এমন ঝুঁকিপূর্ণ কন্টেন্ট বানাতে গিয়ে সম্প্রতি দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরপুরে। গত ২৮ নভেম্বর ‘শীতকালীন কন্টেন্ট’ বানাতে গিয়ে আলোচিত নির্মাতা আল আমিন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।