রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিনজনের ওপর মাইক্রোবাস চাপা দিয়ে পরিকল্পিত হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই হামলাকারী মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।
আহতরা হলেন এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মিডিয়া সেলের সদস্য সোহানুর রহমান সোহান। তারা তিনজন একই মোটরসাইকেলে আরোহী ছিলেন।
আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে আব্দুল বারীর একটি পা ভেঙে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। নাহিদুল ইসলাম সাজু দুই পা ও হাতের কব্জিতে আঘাত পান এবং সোহানের হাতে আঘাত লাগে। এই দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
হামলার শিকার এনসিপি নেতা সাজু অভিযোগ করে জানান, রাজশাহী জেলা এনসিপিতে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে সোমবার দুপুরে তারা একটি সংবাদ সম্মেলন করেন। সেটি শেষ করে কাটাখালী যাওয়ার পথে রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, “মহাসড়কের ওই স্থানটি ফোরলেন। এখানে উল্টোপথে গাড়ি আসার কোনো কারণ নেই। তার পরও ওই মাইক্রোবাসটি উল্টোপথে এসে আমাদের ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা চালায়। মাইক্রোবাসটির পেছনে আরও চারটি মোটরসাইকেল ছিল। ধাক্কা দেওয়ার পর হামলাকারীরা সবাই পালিয়ে যায়। এটি অবশ্যই পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা।”
সোমবার সন্ধ্যায় নাহিদুল ইসলাম সাজু ও সোহানুর রহমান সোহান এই হামলার ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের জন্য নগরীর মতিহার থানায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, থানায় অভিযোগ দায়ের হলে বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন