দীর্ঘ ১০ বছরের মাতৃত্বের অপেক্ষার অবসান ঘটিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ার এক গৃহবধূ। চিকিৎসাবিজ্ঞানের সহায়তায় ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতির মাধ্যমে তিনি একসঙ্গে জন্ম দিয়েছেন পাঁচ নবজাতকের। নবজাতকদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে। মা ও শিশুরা সুস্থ থাকলেও সাবধানতা হিসেবে পাঁচজনকেই রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ)।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের নগরের পিপলস হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে এনি আক্তার (৩০) নামের এই নারী সন্তান প্রসব করেন। তার স্বামীর নাম ওয়াহিদুল ইসলাম সুমন, যিনি পেশায় ব্যবসায়ী। ১০ বছর আগে তাদের বিয়ে হলেও সন্তানের মুখ দেখছিলেন না এই দম্পতি। পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির তত্ত্বাবধানে আইইউআই পদ্ধতির শরণাপন্ন হন তারা এবং প্রথম মাসেই সফল হন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এনি আক্তারের অস্ত্রোপচার শুরু হয়। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচটি সন্তানের জন্ম হয়েছে, যা একটি বিরল ঘটনা। শিশুদের প্রিম্যাচিউর হওয়ায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমরা অস্ত্রোপচারের আগে যতবারই পরীক্ষা করেছি, সব সময় চারটি বাচ্চার অস্তিত্ব পেয়েছি। চতুর্থটি বের করার পর অস্ত্রোপচার যখন শেষের পথে, তখন আশ্চর্যজনকভাবে দেখা যায় সেখানে আরও একটি বাচ্চা রয়েছে।” জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে একজনের ওজন ১৬০০ গ্রাম, একজনের ১৫০০ গ্রাম, একজনের ১৪০০ গ্রাম এবং বাকি দুটি শিশুর ওজন প্রায় ১ কিলোগ্রাম।
বিকেল ৪টায় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এনি আক্তার। অস্ত্রোপচারের পর সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত তিনি পিপলস হসপিটালের লেবার কক্ষে ছিলেন। এরপর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে প্রসূতি মা স্বামীর সঙ্গে পিপলস হসপিটালে আছেন। অন্যদিকে, পাঁচ নবজাতককে অতিরিক্ত যত্নের জন্য পার্কভিউ হসপিটালের এনআইসিইউতে রাখা হয়েছে। সেখানে নবজাতকদের তত্ত্বাবধানে রয়েছেন নানি নুর নাহার ও মামা ফরিদুল আলম। একসঙ্গে পাঁচ সন্তান ভূমিষ্ঠ হওয়ার এই ঘটনা চট্টগ্রামজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।



মন্তব্য করুন