রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। মঙ্গলবার সকাল থেকেই ভিড় বাড়ছিল। বেগম রোকেয়া দিবসের এই অনুষ্ঠানে উপলক্ষে জড়ো হয়েছিলেন শিক্ষাবিদ, অধিকারকর্মী আর তরুণ প্রজন্ম।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজে মঞ্চে উঠলেন। একে একে চার নারীর হাতে তুলে দিলেন স্বর্ণালি রোকেয়া পদক।

নারীশিক্ষার গবেষণায় রুভানা রাকিব। গার্মেন্টস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের মুখ কল্পনা আক্তার। মানবাধিকারের লড়াইয়ে নাবিলা ইদ্রিস। আর ক্রীড়াঙ্গনে পার্বত্য চট্টগ্রামের মেয়েদের স্বপ্ন জাগিয়ে তুলেছেন ঋতুপর্ণা চাকমা।

চারজনের কাজের ক্ষেত্র আলাদা। কিন্তু লক্ষ্য এক – রোকেয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।

পদক বিতরণের পর প্রধান উপদেষ্টা বলেন, “বেগম রোকেয়া বুঝেছিলেন, নারী শিক্ষিত না হলে সমাজ কখনোই পুরোপুরি আলোকিত হবে না। আজ যাঁরা পদক পেলেন, তাঁরা সেই পথেই হাঁটছেন।”

১৮৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া রোকেয়া সাখাওয়াত হোসেন ১৯৩২ সালের একই দিনে চলে যান। মাঝের বাহান্ন বছরে তিনি লিখেছেন ‘সুলতানার স্বপ্ন’, গড়েছেন সাখাওয়াত মেমোরিয়াল গার্ল স্কুল, আর ছিঁড়ে ফেলেছেন পর্দার অন্ধকার।

আজ, প্রায় দেড়শ বছর পরেও তাঁর কথাগুলো যেন নতুন করে ধ্বনিত হয় চার পদকপ্রাপ্ত নারীর জীবন ও কর্মে।