আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের প্রচেষ্টা হবে অতীত জনিত বিতর্কিত ভূমিকা বা ‘বদনাম ঘুচিয়ে’ নিরপেক্ষ ও পেশাদারিত্বের প্রমাণ দেওয়া। একই সঙ্গে, অভ্যন্তরীণ চেইন অব কমান্ড ভেঙে যাওয়ায় পুলিশ বিভাগে যে জবাবদিহিতার অভাব তৈরি হয়েছিল, তা কঠোরভাবে পুনর্বহাল করার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. আনিসুজ্জামান এই মন্তব্য করেন।

এসপি আনিসুজ্জামান তাঁর নৈতিক অবস্থান স্পষ্ট করে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের আপস বা দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, “আমি পরিষ্কার করে বলছি, ১০ কোটি টাকা নয়, ১০ হাজার টাকা নিলেও আমার জেল হবে। কেউ অপরাধ করলে ছাড় নেই।”

প্রশাসনিক কাঠামো পুনর্গঠন

জবাবদিহিতা নিশ্চিত করতে এসপি অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। তিনি জানান, পুলিশের চেইন অব কমান্ড ভেঙে যাওয়ায় সামগ্রিক কার্যক্রমে যে শিথিলতা এসেছিল, তা দ্রুত নিরসন করা হচ্ছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) তাঁদের সংশ্লিষ্ট সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারকে রিপোর্ট করবেন। এরপর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপাররা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)–এর কাছে এবং সবশেষে তিনি রিপোর্ট করবেন জেলা পুলিশ সুপারের কাছে। এছাড়াও, উপ-পরিদর্শক (এসআই)-দের কার্যকারিতা মূল্যায়নের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) লেখার দায়িত্ব সংশ্লিষ্ট সার্কেল পুলিশ কর্মকর্তাদের কাছে অর্পণ করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা আরও শক্তিশালী করবে।

যানজট ও ‘টোকেন বাণিজ্য’ নিরসন

পুলিশ সুপার কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, শহরে প্রায় ৩৬ হাজার যানবাহন চলাচল করলেও সিটি কর্পোরেশনের অনুমোদন রয়েছে মাত্র ৬ হাজার অটোরিকশা ও ইজিবাইকের। এই বিপুল সংখ্যক অবৈধ যানের পাশাপাশি ‘টোকেন বাণিজ্যের’ মাধ্যমে চাঁদাবাজির একটি সিন্ডিকেট সক্রিয় ছিল।

নবাগত এসপি নিশ্চিত করেন, ইতোমধ্যে টোকেন বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তিনি সিটি কর্পোরেশনের সহযোগিতায় বুধবার (১০ ডিসেম্বর) থেকেই যানজট নিরসনে সুনির্দিষ্ট অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল ইসলাম, সদর সার্কেল সাইফুল মালিকসহ বিভিন্ন সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।