ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ—আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায়ের মনোভাব ও নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়টি সামনে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিয়ে সরকারের দায়িত্বশীল কেউ সরাসরি মন্তব্য করতে রাজি না হলেও, গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। জানা গেছে, আজ বুধবার সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘোষণার আগেই তাদের পদত্যাগ কার্যকর হচ্ছে।

এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই সংবাদ সম্মেলনেই তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

**সিদ্ধান্তের নেপথ্যে উচ্চপর্যায়ের ঐকমত্য**

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা বৈঠকে মিলিত হন। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে বসেন। সেখানেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। সন্ধ্যা নাগাদ সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে মাহফুজ ও আসিফ বুধবার পদত্যাগ করছেন।

সরকার-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উপদেষ্টা পরিষদসহ সরকারের উচ্চপর্যায়ের অনেকেই এই ব্যাপারে একমত হয়েছেন যে তফসিল ঘোষণার পর দুই ছাত্রপ্রতিনিধির সরকারে থাকা উচিত হবে না। তারা নির্বাচনে অংশ নিন বা না নিন, তাদের সরে যেতে হবে। মূলত সরকারের সেই মনোভাব ও নির্বাচনী বাধ্যবাধকতা অনুধাবন করেই তফসিল ঘোষণার ঠিক আগে আগে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা জায়গা পান, তাদের মধ্যে অন্যতম ছিলেন নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম। আসিফ মাহমুদ প্রথমে শ্রম এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

পদত্যাগকারী এই দুই উপদেষ্টার এনসিপিতে কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও দলটিতে তাদের প্রভাব রয়েছে। তারা দুজনই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা রয়েছে।

আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে ভোট করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে ধানমন্ডিতে ভোটার হন। অন্যদিকে, মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর-১ আসনে। বিএনপি ইতোমধ্যে এই আসনটি বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে ছেড়ে দেওয়ায় মাহফুজের জন্য দল থেকে নির্বাচন করার পথ ক্ষীণ হয়ে এসেছে।

এদিকে গত রোববার এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। এনসিপি বিভিন্ন আসনে নিজেদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে। এই প্রেক্ষাপটে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি নতুন জোটের অধীনে নির্বাচন করছেন, এখন সেদিকেই দৃষ্টি রাজনৈতিক পর্যবেক্ষকদের।