ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি ফেরত পাঠাতে রাজি না হয়, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যত কিছুই করার নেই—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। কূটনৈতিক প্রচেষ্টার সীমিত সুযোগের বিষয়টি স্বীকার করে তিনি আজ (বুধবার, ১০ ডিসেম্বর) এই মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, “আমরা কি করতে পারি, বলুন? কী করণীয়? করণীয় তেমন কিছু আসলে নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর।” তিনি আরও যোগ করেন, “রাজি না হলে আসলে কিছু করার নেই। আমরা রাজি করানোর চেষ্টা করে থাকতে পারি। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারব, এর চেয়ে বেশি কিছু নয়।”

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তার ওপর নির্ভর করছে—ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সম্প্রতি এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই প্রতিক্রিয়া দিলেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই তিনি সেখানেই রয়েছেন। পরবর্তীতে আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠাতে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। তবে এই অনুরোধ সত্ত্বেও নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি।