আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার স্পষ্ট ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাংবিধানিক পদ থেকে তিনি পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্নে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা ও রাজনৈতিক জল্পনা।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। মূলত তার অধীন দুটি মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন কর্মসূচির চিত্র তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের জানান, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্ট। তবে কোত্থেকে করব, কোন দল থেকে করব; সেটি পরবর্তী সময়ে জানানো হবে।’ এর মাধ্যমে তার নির্বাচন করার ব্যক্তিগত ইচ্ছার বিষয়টি নিশ্চিত হলেও, দলীয় প্ল্যাটফর্ম নিয়ে অনিশ্চয়তা বজায় থাকলো।

তফসিল ঘোষণার আগে পদত্যাগের বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়।’

পদত্যাগের বিষয়টি ‘উপরের নির্দেশনা’র উপর ছেড়ে দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সাংবিধানিক পদাধিকারী বা মন্ত্রীদের পদত্যাগ করা প্রথা বা আইনগত বাধ্যবাধকতার মধ্যে পড়ে। বর্তমানে তিনি টেকনোক্র্যাট হিসেবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

আসিফ মাহমুদের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, তার নির্বাচন করার প্রক্রিয়া এবং পদত্যাগ সংক্রান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা একটি ‘রাজনৈতিক সিগন্যাল’-এর ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, ‘এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।’