আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই তীব্র হতাশা প্রকাশ করেছেন রিকশাচালক মোহাম্মদ সুজন। আলোচনা ও জনমানসে পরিচিত মুখ হওয়া সত্ত্বেও প্রথম ধাপের ১২৫ জনের তালিকায় ঢাকা-৮ আসনে তার নাম আসেনি।
মনোনয়ন না পাওয়ায় সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে সুজন বলেছেন, এ বিষয়ে দল তাকে আগে থেকে কিছুই জানায়নি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাকে নমিনেশন না দেওয়ায় তিনি কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না।
জুলাই আন্দোলনের সময় আইকনিক স্যালুটের মাধ্যমে পরিচিতি পাওয়া এই রিকশাচালক মনে করেন, জনগণের চাওয়া-পাওয়াকে সবার আগে গুরুত্ব দিতে হবে। তিনি আক্ষেপের সুরে বলেন, “৫ আগস্ট আমরা রাজনৈতিক পরিবর্তন করেছি। জনগণ যা চায়, তা আগে দিতে হবে।”
সুজন জানান, এলাকার সাধারণ ও গরিব মানুষ তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়েছিলেন। তার ভাষ্য, গত ১২ বছর ধরে যারা দিন এনে দিন খান, সেই গরিবেরাই বঞ্চিত হয়েছে এবং তারাই তাকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন।
সংসদে গিয়ে গরিব মানুষের এমপি হওয়ার আশা ছিল সুজনের। তিনি বলেন, “আমি গরিব মানুষ, গরিবের কষ্ট বুঝি।” তিনি আরও উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে জুলাই যোদ্ধাদের মধ্যে তিনজনের প্রার্থিতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে এবং ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল।
অন্য কোনো দলের প্রতি কোনো দাবি বা আকাঙ্ক্ষা নেই তার। উল্লেখ্য, এর আগে গত ২০ নভেম্বর বাংলামোটরের অস্থায়ী কার্যালয় থেকে তিনি ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
পেশাগত কষ্টের কথা বলতে গিয়ে সুজন জানান, তিনি নগর ভবনে মাস্টার রোলে কাজ করেন। চাকরির অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “চাকরি করলে টাকা, না করলে টাকা নাই।” তিনি জানান, রিকশা চালানো ছেড়ে দিলেও মাঝে মাঝে এখনো রিকশা চালান।



মন্তব্য করুন