রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তারকে (২০) ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বর্ণের গহনা ও মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় নিহত লায়লা আফরোজার (৪৮) সঙ্গে ধস্তাধস্তি হলে ধরা পড়ার ভয়েই সে মা-মেয়েকে ছুরি দিয়ে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ সময় তার স্বামী জামাল সিকদার ওরফে রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে লায়লা আফরোজ ও তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ওইদিনই নিহতের স্বামী ও নাফিসার বাবা আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটে।
গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার মেয়ে এবং তার স্বামী জামাল সিকদার ওরফে রাব্বি নলছিটি উপজেলার কয়ারচর গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পরপরই আয়েশা স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি কয়ারচর গ্রামে পালিয়ে যান। মোহাম্মদপুর থানার এসি জোন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আয়েশা মাত্র চার দিন আগে ওই বাসাটিতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। এই চার দিনই তিনি বোরকা পরে, নয়তো মুখ ঢেকে আসা-যাওয়া করতেন। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় আসেন, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল-ড্রেস।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা স্বীকার করেছে যে, চুরি করতে গিয়ে ধরা পড়ায় সে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।” আয়েশার স্বামী জামাল সিকদারও সাংবাদিকদের কাছে একই কথা স্বীকার করেন। তিনি বলেন, “মা-মেয়েকে হত্যার উদ্দেশ্য ছিল না। আয়েশা স্বর্ণ নিয়ে পালানোর সময় লায়লা আফরোজ পেছন থেকে ধরে ফেললে এই ঘটনা ঘটে।”



মন্তব্য করুন