ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রকাশ্যে প্রায় ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় এক পুলিশ সদস্য, একজন সাংবাদিক ও কৃষক লীগ নেতাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে, লুণ্ঠিত স্বর্ণের প্রায় ৯৫ ভরি এবং নগদ টাকা, পুলিশের ইউনিফর্ম ও ওয়াকিটকি জব্দ করা হয়েছে।
আজ মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— ঢাকার পুলিশের বিশেষ শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) আকতারুজ্জামান মুন্সী, ঢাকার শাহ আলী থানা এলাকার বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি রমজান, মানিকগঞ্জের কৃষক লীগের নেতা রমজান আলী, মাইক্রোবাস চালক জাকির হোসেন এবং স্বর্ণের দোকান মালিক ইসমাইল হোসেন।
পুলিশ সুপার জানান, প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে গত ৯ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে একে একে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে মিরপুরের ইসলাম জুয়েলার্সের মালিক ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়, যিনি লুটের স্বর্ণ কিনেছিলেন।
গ্রেফতারের পর তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর বিবরণ:
সাব-ইন্সপেক্টর আকতারুজ্জামান মুন্সীর হেফাজত থেকে উদ্ধার হয় ৪৩ ভরি ১ আনা স্বর্ণ, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও তিন সেট পুলিশের ইউনিফর্ম।
মাইক্রোবাসের চালক জাকির হোসেনের কাছ থেকে ১০ ভরি ৪ আনা স্বর্ণ ও সাত লাখ টাকা।
রমজান আলীর কাছ থেকে ১৩ ভরি ৭ আনা স্বর্ণ ও দেড় লাখ টাকা।
আরেক রমজানের কাছ থেকে ২০ ভরি ৮ আনা স্বর্ণ, স্বর্ণ মাপার স্কেল, আইডি কার্ড ও পাঁচ লাখ টাকা।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গত ৭ ডিসেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকে পুলিশ পোশাক পরিহিত ডাকাতরা প্রকাশ্যে হ্যান্ডকাফ পরিয়ে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তাদের মারধর করে সাথে থাকা ১৪৫ ভরি ৮ আনা ৪ রতি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুট করে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায়। তিনি বলেন, “পলাতক আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। অবশিষ্ট লুট হওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশ কাজ করছে।”



মন্তব্য করুন