রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত মা–মেয়ে খুনের মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন তারই শাশুড়ি রুমা বেগম। শাশুড়ির দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি থেকে আয়েশা ও তার স্বামী জামাল সিকদার রাব্বি-কে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা–পুলিশ।

গতকাল বুধবার দুপুরে সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সূত্র জানায়, আয়েশার শাশুড়ি রুমা বেগমই পুলিশকে নিশ্চিত করেছিলেন যে পুত্রবধূ ও তার ছেলে দাদা শ্বশুরের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা লায়লা আফরোজ (৪৮) ও তার নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাত করে হত্যা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সহিদুল ইসলাম মাসুম জানান, বাসা থেকে কিছু মালামাল চুরির সময় ধস্তাধস্তির এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লায়লা আফরোজ গৃহিণী এবং তার স্বামী উত্তরা সানবীমস স্কুলের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর আয়েশা ও তার স্বামী ঢাকা থেকে লঞ্চে বরিশাল হয়ে বুধবার সকালে নলছিটিতে পৌঁছান। আত্মগোপনের উদ্দেশ্যে রাব্বি দীর্ঘ ১৫ বছর পর তার দাদা রুস্তুম সিকদারের বাড়িতে ফিরে আসেন।

কয়ারচর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মন্নান মৃধা চুন্নু জানান, প্রায় ১৫ বছর আগে রাব্বির বাবা-মায়ের বিচ্ছেদ হলে রাব্বি ঘর ছেড়ে চলে যান। তিনি ধনী পরিবারের মেয়ে বিয়ে করেছেন—এমন কথা এলাকায় প্রচলিত ছিল। হঠাৎ অচেনা স্ত্রীকে নিয়ে রাব্বির ১৫ বছর পর ফিরে আসায় এবং পরে জানা যায় সে জোড়া খুনের আসামি—এ সব মিলিয়ে কয়ারচর গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা আয়েশার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।