২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর তত্ত্বাবধানে এবার সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
শিক্ষা প্রশাসন আশা করছে, কেন্দ্রীয়ভাবে পরিচালিত এই প্রক্রিয়ার ফলে অভিভাবকদের ভোগান্তি ও ভর্তির ক্ষেত্রে অনিয়ম অনেকাংশে কমবে।
ডিজিটাল লটারির ফলাফল মাউশির নির্ধারিত gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা পোর্টালের নির্ধারিত স্থানে প্রবেশ করে তথ্য দিয়ে যেকোনো সময় ফল জানতে পারবেন।
এছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও দ্রুত ফলাফল পেতে পারেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: GSA
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে মাউশি। ফলাফল ডাউনলোডের জন্য প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থীকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
ফলাফলের কপি ডাউনলোড করার পর প্রতিষ্ঠান প্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠাতে হবে। একই সঙ্গে মাউশিকেও অবহিত করতে হবে। এরপর নীতিমালা অনুসারে ভর্তি কমিটি সভা করে চূড়ান্ত ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।
মাউশির তথ্য অনুযায়ী, চলতি বছরে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি ৬৮৮টি বিদ্যালয়ে ১ লাখ ২১ হাজার ৩০টি আসন এবং বেসরকারি ৩ হাজার ৩৬০টি প্রতিষ্ঠানে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন রয়েছে।

মন্তব্য করুন