আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটের জন্য ব্যালটের রং ভিন্ন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি নিশ্চিত করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় সিইসি এই তথ্য জানান। তিনি নিশ্চিত করেন যে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (১০ ডিসেম্বর) তার ভাষণটি রেকর্ড করা হয়েছিল।
একই সঙ্গে তফসিলের গুরুত্বপূর্ণ দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই প্রক্রিয়া চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আগারগাঁওয়ের ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়।

মন্তব্য করুন