সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জটিল শারীরিক অবস্থা এবং নিবিড় চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বোর্ডের পক্ষে প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭৯ বছর বয়সি বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস এবং আরথ্রাইটিসসহ একাধিক দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর অসুস্থতা বাড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি দেখা যায়। ফলস্বরূপ, তাৎক্ষণিকভাবে তাকে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) এ স্থানান্তর করা হয়।
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং রক্তে অক্সিজেন-কার্বন ডাই অক্সাইডের মাত্রা ভারসাম্য হারালে তাকে প্রথমে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও বিপ্যাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায়, ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দিতে তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়।
মেডিকেল বোর্ড আরও নিশ্চিত করেছে যে গত ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে এবং গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা চলছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার নিয়মিত ডায়ালাইসিস শুরু করা হয়েছে।
পাশাপাশি, পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ‘ডিআইসি’ (ডিসেমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন) জনিত জটিলতা দেখা দেওয়ায় তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউশন দেওয়া হচ্ছে। সর্বশেষ পরীক্ষায় আর্টিক ভাল্বে সমস্যা পরিলক্ষিত হওয়ায় ইফেকটিভ এন্ডোকার্ডাইটিস ধরা পড়েছে, যার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে গাইডলাইন অনুযায়ী শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখা হয়।



মন্তব্য করুন