স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে। গত বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে তাকে ক্ষমা করে বহাল করা হয়।
গত ৬ ডিসেম্বর ডিজির হাসপাতাল পরিদর্শনের সময় অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চিকিৎসক ধনদেবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয় এবং তাকে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান জানান, ওই আদেশের পর চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ ক্ষমা চেয়ে লিখিত জবাব দেন, যা কর্তৃপক্ষ সন্তোষজনক মনে করেছে। সেই সন্তোষজনক জবাবের ভিত্তিতেই তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে।
পদোন্নতি বিতর্ক: মানদণ্ড পূরণ না করার অভিযোগ
ডিজির সঙ্গে বাকযুদ্ধের ভিডিও ভাইরাল হওয়ার পর ধনদেব চন্দ্র বর্মণের আরেকটি বক্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে তিনি নিজেকে বঞ্চিত দাবি করে স্বাস্থ্য বিভাগে পদোন্নতি প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।
জানা গেছে, তিনি চাকরিতে যোগদানের পর ফাউন্ডেশন ট্রেনিং, বিভাগীয় পরীক্ষা ও সিনিয়র স্কেল পরীক্ষা সম্পন্ন করেননি, যা পদোন্নতির জন্য প্রয়োজনীয় মানদণ্ড। তবে পদোন্নতির শর্ত পূরণ না হলেও চলতি বছরের ২৯ জুলাই তাকে রাষ্ট্রপতির প্রোমার্জনা (Pro-merger) দিয়ে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।
পুনর্বহাল প্রসঙ্গে চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ বলেন, “কর্তৃপক্ষ আমাকে পূর্বের পদে বহাল করেছেন। এর বেশি আমার কোনো বক্তব্য নেই।”



মন্তব্য করুন