রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে বৃহৎ আকারের আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। এই মর্মান্তিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (গতকাল) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদিত হয়। একইসঙ্গে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা এসেছে।
সর্বোচ্চ ২০ লাখ টাকা অনুদান
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সরকারের এই সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন, সেই ৩৬ জন নিহতের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
প্রেস সচিব আরও নিশ্চিত করেন যে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার লাঘবের জন্য ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনের পরিবারকে ২০ লাখ টাকা করে এবং আহতদের ৫ লাখ টাকা করে দেওয়া হবে।”
আহতদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা
আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শফিকুল আলমের ঘোষণা অনুযায়ী, যেসব আহত ব্যক্তির দীর্ঘমেয়াদি বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন, তাদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আহতদের নিবন্ধন কার্ড প্রদান করা হবে। এই পদক্ষেপের উদ্দেশ্য, ক্ষতিগ্রস্তরা যেন কোনো রকম প্রশাসনিক জটিলতা ছাড়াই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে।



মন্তব্য করুন