আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের জন্য কড়া বার্তা দিল নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন কঠোরভাবে নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে দেশজুড়ে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠায়। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে এই নিয়োগের কথা জানানো হয়।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে তফসিল ঘোষণার পরদিন থেকে প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কর্মকর্তারা মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তদারকি ও ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করে।



মন্তব্য করুন