অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পদ ছাড়ার ২৪ ঘণ্টা পার না হতেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ঢাকা-১০ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিওবার্তার মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) তার পদত্যাগপত্র জমা দেওয়া হয়। নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করে।
আসিফ মাহমুদ তার বার্তায় বলেন, ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে তিনি কঠিন হলেও অসম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি যুগ ধরে চলা বিভাজনের রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন।
তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে তিনি প্রার্থী হচ্ছেন। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার অর্থসামর্থ্য বা বড় কোনো দলের পৃষ্ঠপোষকতা তার নেই। জনগণের সমর্থন ও সহযোগিতাই হবে এই লড়াইয়ে তার প্রধান শক্তি।
এই লড়াই সহজ নয়— উল্লেখ করে তিনি মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, আবরার ফাহাদসহ নানা আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসেবে দেখেন। আসিফ মাহমুদ বলেন, সেই শক্তি নিয়েই তিনি পুনর্গঠন ও পরিবর্তনের পথে এগোতে চান। তিনি কেবল সংসদ সদস্য পদেই নয়, দেশ সংস্কারের জন্য গণভোটেও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।



মন্তব্য করুন