২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের পাঠ্যসূচি নিয়ে নতুন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। এই নির্দেশ অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে অনিয়মিত এবং মানোন্নয়ন প্রত্যাশীদের সিলেবাসে বড় ধরনের পার্থক্য তৈরি করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সিদ্ধান্তে নিশ্চিত করা হয়েছে, যেসব পরীক্ষার্থী অনিয়মিত অথবা মানোন্নয়নের জন্য ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিই কার্যকর থাকবে। পূর্ণাঙ্গ সিলেবাসের আওতার বাইরে থাকছে এই দুই শ্রেণির পরীক্ষার্থী।
এই নির্দেশনা জারির মাধ্যমে সব শিক্ষা বোর্ডের মধ্যে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই সিদ্ধান্ত দেশের সকল বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে।
চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যেহেতু ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছিল, তাই ২০২৬ সালের অনিয়মিত পরীক্ষার্থীরাও একই মানদণ্ডে মূল্যায়িত হবে। সংশ্লিষ্ট সকল বোর্ডকে অবিলম্বে এই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন