আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে জীবন সংকটে পড়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের ঠিক আড়াইটার পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রার্থীর বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পরই রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও গুলি কোথায় হয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।’



মন্তব্য করুন