আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচার শেষ হলেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ নিশ্চিত করেছেন, ওসমান হাদী বর্তমানে গভীর অচেতনাবস্থায় (কোমায়) আছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হয়। মাথার ভেতরে আটকে থাকা গুলি অপসারণের জন্য তাৎক্ষণিক জরুরি অস্ত্রোপচার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই হামলার ঘটনা ঘটে। জুলাই ঐক্যের সংগঠকরা জানান, হাদি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালায় এবং পালিয়ে যায়।
এই হামলার ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিবৃতিতে বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং সমাজে ভয় ও আতঙ্ক ছড়ানোর জন্যই এই আক্রমণ একটি সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে গিয়ে প্রার্থীর অবস্থা সম্পর্কে খোঁজ নেন।



মন্তব্য করুন