ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই এই নির্দেশ দেন।
তারেক রহমান বলেন, গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদী গুরুতর আহত হয়েছেন। তিনি দলের সকল নেতাকর্মী, বিশেষ করে ছাত্রদলের প্রতি কড়া নির্দেশ দিয়েছেন—সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার, যেন তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীকে দ্রুত খুঁজে বের করতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নষ্টের সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে। হাদির ওপর হামলার ঘটনা সেই ষড়যন্ত্রের এক স্পষ্ট প্রমাণ। এই হামলার গভীর প্রভাব রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।



মন্তব্য করুন