আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে দেশ। হামলার প্রতিবাদে শুক্রবার বিকাল থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ অন্তত ১০টি জেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এই হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। মাথায় গুরুতর আঘাত নিয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, গুলির কিছু অংশ এখনও মস্তিষ্কের অভ্যন্তরে রয়ে গেছে, যা অপসারণে অভিজ্ঞ নিউরোর চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচার করেছেন।

হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাজধানী শাহবাগে বিক্ষোভ শুরু করেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠনের কর্মীরা। জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ থেকে দ্রুত হামলাকারী গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশের অন্যান্য প্রান্তেও প্রতিবাদের ঢেউ লেগেছে। হাদির ওপর হামলার বিচার দাবিতে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উভয় স্থানেই মিছিল শেষে সমাবেশে মিলিত হন আন্দোলনকারীরা। দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। বরিশালে সর্বস্থরের জুলাই যোদ্ধাদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া মানিকগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরেও বিপ্লবী মঞ্চ ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশ থেকে বক্তারা এই গুলিবর্ষণকে ‘পরিকল্পিত হামলা’ দাবি করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।