রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নুর টাওয়ার’ নামক একটি দশতলা ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা আগুন আজ শনিবার (১৩ ডিসেম্বর) সাত ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৪টি ইউনিট বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। ভোর ৫টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৫টা ৪৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

জানা গেছে, নুরে আলম ও মো. ফারুক হোসেনের মালিকানাধীন এই বহুতল ভবনটির ভূগর্ভস্থ এবং প্রথম ও দ্বিতীয় তলায় কাপড়ের গুদাম ও দোকান রয়েছে। তৃতীয় তলা থেকে দশম তলা পর্যন্ত ভবনটি আবাসিক ফ্ল্যাট হিসেবে ব্যবহৃত হয়। গুদামটিতে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুত থাকায় আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ফায়ার সার্ভিস আগুনের তীব্রতা কিছুটা কমিয়ে এনেছে এবং তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন লাগার পর পরই ওই ভবনে বসবাসরত ৪২ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি। ভবনটির বাসিন্দারা তাদের মালামাল সরিয়ে এনে পার্শ্ববর্তী আগানগর কবরস্থানে আশ্রয় নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।

ঘটনাস্থলে উপস্থিত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এক বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, ভোর সাড়ে চারটার দিকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখে তারা পরিবার-পরিজন নিয়ে দ্রুত নিচে নেমে আসেন।