জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার একটি গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে; এই অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে সর্বাত্মক ঐক্য বজায় রাখার কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলাটি নির্বাচনের আয়োজন ভণ্ডুল করার একটি ‘সিম্বলিক’ পদক্ষেপ, যেখানে প্রশিক্ষিত শুটাররা মাঠে নেমেছে বলে মনে করছেন তিনি।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই উদ্বেগ প্রকাশ করেন। ঐক্য বিনষ্ট হলে দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে—এমন গুরুতর আশঙ্কা থেকেই সব ধরনের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারাও এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এক সুরে কথা বলেছেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, জাতীয় স্বার্থে কোনো অবস্থাতেই পারস্পরিক দোষারোপের প্রবণতা রাখা যাবে না; ষড়যন্ত্রের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে। তিনি অবৈধ অস্ত্র উদ্ধার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরামর্শ দেন।

অন্যদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে নানা মন্তব্যের কারণে দলগুলোর মধ্যে একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বেড়েছে, যা বিরোধীদের সুযোগ করে দিয়েছে। তিনি ক্ষুদ্র দলীয় স্বার্থকে ত্যাগ করে জুলাইয়ের মূল কমিটমেন্টে স্থির থাকতে সব দলের প্রতি আহ্বান জানান।

এনসিপি প্রধান নাহিদ ইসলামের অভিযোগ আরও গুরুতর। তিনি বলেন, অভ্যুত্থানের পর থেকেই সুসংগঠিতভাবে জুলাইবিরোধী অপপ্রচার চলছে, এমনকি প্রশাসন ও মিডিয়ার বিভিন্ন স্তরেও এর নেটওয়ার্ক বিস্তৃত। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জুলাইয়ের চেতনাকে খাটো করে যারা অভ্যুত্থান করেছে, তাদের অপরাধী হিসেবে দেখানোর ন্যারেটিভ তৈরি করা হচ্ছে।

নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ উভয় নেতাই একমত হন যে, ঐক্যবদ্ধ না থাকতে পারলে কোনো নিরাপত্তাই কাজে আসবে না। তারা উল্লেখ করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নরমালাইজ’ করার চেষ্টা চলছে এবং যারা বুদ্ধিজীবী-সাংস্কৃতিক কর্মীর বেশে এই অপতৎপরতা চালাচ্ছে, তাদের থামাতে হবে।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে তাদের শক্তি প্রদর্শন করে নির্বাচনকে না হতে দেওয়া। তিনি দলগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। উত্তেজনা যেন নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ন্ত্রণে থাকে, সেই দিকে খেয়াল রাখার জন্য তিনি বিশেষভাবে নির্দেশনা দেন।