ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের লোক— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে সরাসরি জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার রিজভীর এই মন্তব্যকে ‘ভুয়া’ এবং ‘বোগাস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ডিএমপি কমিশনারের বরাতে একটি এআই-তৈরি ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি নিজে এমন কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক বার্তাও দেওয়া হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে কে বা কারা অসৎ উদ্দেশ্যে ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওসমান হাদির ওপর হামলাকারীদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে। জনমনে অহেতুক বিভ্রান্তি সৃষ্টিকারী হীন কাজের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।
এর আগে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলের আগে রুহুল কবির রিজভী বিশেষ অতিথির বক্তব্যে অভিযোগ করে বলেন, তদন্তকারী সংস্থার বরাতে বলা হচ্ছে হামলাকারী শিবিরের লোক। তিনি প্রশ্ন তোলেন, তদন্ত হওয়ার আগেই কিভাবে হামলাকারীর পরিচয় নিশ্চিত হলো?
রিজভী আরও অভিযোগ করেন যে, হামলাকারীকে সাদিক কায়েমের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা) সঙ্গে এক টেবিলে চা খেতে দেখা গেছে এবং এই ভয়ংকর ষড়যন্ত্রের নায়ক একটি মহল যারা পাঁচ আগস্টের পর ‘মব কালচার’ তৈরি করেছে।



মন্তব্য করুন