চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার চারটি গুরুত্বপূর্ণ হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার বিষয়টি প্রায় আড়াই মাস ধরে গোপন ছিল। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও চলতি সপ্তাহে সেই আদেশের কপি চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।

বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে বন্দি আছেন। এই দম্পতিকে গত মাসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দেশের দুটি ভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়, যা জামিনের তথ্য গোপন রাখার একটি কৌশল ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো অভিযোগ করেছে।

পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে তথ্য দেওয়া থেকে বিরত থাকতে জামিন পাওয়ার পরও তা যথাসময়ে আদালত বা কারাগারে পাঠানো হয়নি। সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক এই জামিনের বিষয়টি স্বীকার করে বলেছেন, চারটি মামলায় তাদের জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দেন। এর মধ্যে ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানার শহিদুল ইসলাম হত্যা মামলায় ১৫ সেপ্টেম্বর তাদের জামিন দেওয়া হয়। একই দিনে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায়ও তারা জামিন পান।

এরপর ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানার ফারুক ও আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলাতেও এই দম্পতি জামিন লাভ করেন। হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার জামিন আদেশে স্বাক্ষর করেন যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর, যা চট্টগ্রামের আদালতে পৌঁছায় গত ৮ ডিসেম্বর—প্রায় আড়াই মাস পর।

উল্লেখ্য, ছোট সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাকাণ্ডসহ ১৯টি এবং তার স্ত্রীর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। গত ১৫ মার্চ সাজ্জাদ ও ১০ মে তার স্ত্রী রাজধানী ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন।