খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এক সফল অভিযানে নগরীর জোড়াগেট এলাকায় অস্ত্র তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র তৈরির সাচ (ছাঁচ), সীসা, ট্রিগার ও ট্রিগার গার্ডসহ প্রায় ৩০ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এই ঘটনায় কারখানার মালিক মো. নজরুল ইসলামসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটককৃত অন্যরা হলেন— আকবর আলী, শহিদুল ইসলাম ও পিকলু।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এই অর্জনকে কেএমপি’র জন্য একটি বড় সাফল্য বলে উল্লেখ করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মহানগর এলাকায় অস্ত্রের ব্যবহার বেড়েছে। তাই নগরের ভেতরে এমন অস্ত্র তৈরির কারখানা থাকা মানেই এটি কোনো সংঘবদ্ধ চক্রের কাজ।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, এই কারখানায় দীর্ঘদিন ধরে মূলত ট্রিগার, ট্রিগার গার্ডসহ অস্ত্রের ঢালাই করা যন্ত্রাংশ তৈরি করা হতো। ফিনিশিং এবং সংযোজনের কাজ হতো চক্রের অন্য কোনো গোপন স্থানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই কারখানা থেকে খুলনা ও আশপাশের বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র সরবরাহ করা হয়েছে। পুরো নেটওয়ার্কটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।