সুদানের আবেই এলাকায় নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষী নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের কাছে এই শোক বিবৃতি প্রকাশ করেন। এতে তিনি শান্তি ও স্থিতিশীলতা রক্ষার মহান দায়িত্বে নিয়োজিত বীরদের শাহাদাতে গভীর মর্মাহত হওয়ার কথা জানান।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অসামান্য অবদান আন্তর্জাতিকভাবে সর্বজন স্বীকৃত। এই বীরোচিত আত্মত্যাগ একদিকে জাতির জন্য গৌরবের, অন্যদিকে গভীর দুঃখের।
তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার চিরশান্তি কামনা করেন এবং এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে তিনি আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন।
বিবৃতিতে প্রফেসর ইউনূস জানিয়েছেন, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ মানের চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার জন্য জরুরিভিত্তিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সরকার এই কঠিন সময়ে শান্তিরক্ষী পরিবারগুলোর পাশে থাকবে।
তিনি এ ধরনের বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ’ হিসেবে আখ্যা দেন। শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদার করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে।



মন্তব্য করুন