আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান ষড়যন্ত্র এখনই শেষ হবে না, বরং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত দুদিনের ঘটনাবলী, বিশেষ করে চট্টগ্রাম প্রার্থীর ওপর গুলিবর্ষণের মতো বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেছেন, তাঁর পূর্বের মন্তব্য ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবস্থানরত তারেক রহমান একটি ভার্চুয়াল কর্মশালায় যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের প্রতি এই জরুরি আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য না কমিয়ে যদি বিএনপি ঐক্যবদ্ধ হতে না পারে, তবে দেশ মারাত্মক ধ্বংসের মুখে পড়বে।

বিভিন্ন সূত্রের বরাতে তারেক রহমান বলেন, এই ষড়যন্ত্রের জাল এখনই গুটিয়ে যাবে না। তবে পরিস্থিতি যত খারাপই হোক না কেন, ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। বরং জনগণকে সাহস দিতে হবে এবং নিজেদেরকে সর্বোচ্চ ঐক্যবদ্ধ রাখতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাষ্যমতে, ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর মতো ক্ষমতা ও শক্তি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই রয়েছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই পরিস্থিতি যত দ্রুত তৈরি করা যাবে, নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা তত দ্রুত পিছু হটতে বাধ্য হবে।

এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসে থাকার সময় নেই জানিয়ে তারেক রহমান বলেন, “এখন আর সময় নেই নিজে কী পেলাম তা হিসেব করার, এখন সময় এসেছে দেশ ও জাতির জন্য কতটুকু করতে পারলাম তা দেখানোর।” দেশের জনগণের সহযোগিতায় এই যুদ্ধে জিততেই হবে বলেও তিনি মন্তব্য করেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ওই কর্মশালায় তিনি বিএনপির প্রণীত স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান এবং বায়ু ও পানি দূষণরোধসহ বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন।